
জামালপুরের মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আমানতের টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত ভুক্তভোগী। সোমবার সকালে লাঠি হাতে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন তারা। এতে দুপুর পর্যন্ত বন্ধ থাকে উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে তারা টাকা ফেরতের দাবিতে আন্দোলন করছেন। উপজেলা সমবায় কর্মকর্তার দাবি, কয়েকটি সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েকশ কোটি টাকা আমানত সংগ্রহের পর পরিচালকরা লাপাত্তা হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
