
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চলমান এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ম্যাক্স কোম্পানির ক্রেন চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ রোববার (২৩ আগস্ট) রাতে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শামীম বিশ্বাসকে বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হবে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন এবং চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
গত ২২ আগস্ট (শুক্রবার) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তিনি ভাড়া বাসা থেকে ‘পাঠাও’ মোটরসাইকেলে (চট্ট মেট্রো-হ-২১-৬৫৬৪) করে হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্র অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ইপিজেড থানাধীন এয়ারপোর্ট থেকে সল্টগোলা ক্রসিং সড়কের বন্দরটিলা নেভী হাসপাতাল গেট ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেল চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।
ঠিক সেই মুহূর্তে এয়ারপোর্ট রোড থেকে সল্টগোলা ক্রসিংগামী পেছনের একটি ভারী ক্রেন (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-উ-৯৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে এসে রাস্তায় পড়ে থাকা শিক্ষার্থী নাফিসা নাওয়ালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি পদক্ষেপ
এ ঘটনায় নিহতের পিতা মো. মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১০, তারিখ: ২২ আগস্ট ২০২৬; যা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হেফাজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম ২৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ইপিজেডের ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ক্রেন চালক শামীম বিশ্বাসকে গ্রেফতার করে।

