দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

admin
By admin
3 Min Read

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে দোহাজারী সদর এলাকার হাজারী শপিং সেন্টারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০টি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রায় আধা ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

দোহাজারী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতা ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক মেয়র লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সহসভাপতি জয়নাল আবেদীন, এম. এ. হেলাল ডিলার, মোহাম্মদ ইউনুছ, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, দোহাজারী বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন, দোহাজারী যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, জামাল উদ্দীন, আবদুল গফুর রব্বানী, মনসফ আলী ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

কর্মসূচিতে দোহাজারী হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী সংবাদপত্র এজেন্ট ও স্টার আর্ট পরিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিকড় সামাজিক সংগঠন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, প্রবাসী ঐক্য পরিষদ, ইসলামী ছাত্রসেনা, বিভিন্ন ব্লাড ব্যাংক, বিএনপির সহযোগী সংগঠন, বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী নাগরিক কমিটি, বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনসহ প্রায় ১৫০টি স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগে দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাঁদের দাবি, নিকার অনুমোদনপ্রাপ্ত আটটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রক্রিয়া তাঁরা মেনে নেবেন না।

বক্তারা আরও বলেন, দোহাজারীকে বাদ দিয়ে কোনো প্রশাসনিক কাঠামো গঠন করা হলে তা স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার পরিপন্থী হবে। দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য এবং প্রশাসনিক স্বীকৃতির দাবিতে অতীতে আন্দোলন করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন তাঁরা।

স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ আধা ঘণ্টা সড়ক অবরোধ করে সরকারকে ডেমো দেখিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ চট্টগ্রাম অবরোধ করা হবে।”

কর্মসূচি থেকে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ