
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মামুনের তৈরি করা আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেছেন যে, মামুন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন এবং এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
