কাপ্তাই কেন্দ্রের সব ইউনিট চালু, উৎপাদন ১৮০ মেগাওয়াটে পৌঁছেছে

admin
By admin
2 Min Read
  1. রাঙামাটি: টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত পানি মজুত থাকায় দীর্ঘদিন পর কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই একযোগে চালু করা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে গত জুন মাস পর্যন্ত কেন্দ্রটিতে মাত্র একটি বা দুটি ইউনিট চালু রেখে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই সচল করা হয়। ওই দিন কেন্দ্রটি থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
    কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত এক সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেই বর্তমানে একযোগে বিদ্যুৎ উৎপাদন চলছে।
    তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটি থেকে মোট ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যদিও কেন্দ্রটির পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
    সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। বর্তমান বৃষ্টিপাত এবং উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকলে হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পাবে। এতে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ