
নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
১৩/০৮/২০২৬
তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে ও গ্যাস সরবরাহের দাবি জানিয়ে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়। হঠাৎ এই কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মস্থলগামী মানুষ এবং দূরপাল্লার যানবাহনের যাত্রীরা।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। গাড়ি চালাতে না পারায় তাদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে গেছে। ফলে গাড়ির দৈনিক জমা (মালিকের ভাড়া) দেওয়া এবং নিজেদের পরিবারের ভরণপোষণ চালানো অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এই আকস্মিক অবরোধের ফলে জামালপুর থেকে টাঙ্গাইল, ঢাকা ও উত্তরবঙ্গগামী বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। তীব্র গরমে দীর্ঘ সময় গাড়িতে আটকে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

