
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মামলায় আবু ছিদ্দিককে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরানোর পর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান। আবু ছিদ্দিক চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত দুই পুলিশ সদস্যের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
