
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের আবহ তৈরি হয়েছে। মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার কয়েকটি বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে আগামী পাঁচ দিনের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
