দোহাজারীতে এসআইয়ের বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ

admin
By admin
3 Min Read

চট্টগ্রামের দোহাজারীতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে হামলা, অশ্লীল ভাষায় গালিগালাজ, হয়রানি ও অর্থ দাবির অভিযোগ করেছেন বেলাল উদ্দিন হিরু নামে এক ব্যক্তি। এ ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে বেলাল উদ্দিন হিরু উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে দোহাজারী দেওয়ানহাট এলাকায় ফেরার পথে এসআই সাইফুল আলমের সঙ্গে তার দেখা হয়। এ সময় ওই পুলিশ কর্মকর্তা তার ওপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি। বেলালের দাবি, সে সময় এসআই সাইফুলের সঙ্গে মোহাম্মদ ফারুক নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযোগপত্রে তাকে একটি নিষিদ্ধ সংগঠনের কর্মী ও পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করা হয়েছে।

হামলায় বেলালের রক্তাত্ব চোখ
হামলায় বেলালের রক্তাত্ব চোখ

বেলাল উদ্দিন হিরু সংলাপ টিভিকে বলেন, ওই এসআই এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের এক ক্যাডারকে সোর্স হিসেবে ব্যবহার করেন। তার অভিযোগ, এসআই সাইফুল কথার আগে হাত চালান এবং বিনা অপরাধে মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করেন।

মেডিকেল রিপোর্ট

তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অভিযোগে উল্লিখিত পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বেলাল উদ্দিন হিরু তার রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় হিসেবে নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলের সহসভাপতি, চন্দনাইশ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি এবং দোহাজারী পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে নিজেকে সাবেক ছাত্রদল নেতা বলেও পরিচয় দিয়েছেন তিনি।

আওয়ামী নেতার সাথে এসআই সাইফুলের সোর্স

তার অভিযোগ, এসআই সাইফুলের কর্মকাণ্ডের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, গত ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং বর্তমানে আওয়ামীপন্থিদের দ্বারা জিম্মি হয়ে আছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এসআই তদন্তকেন্দ্রের দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চুরি-ডাকাতির পাশাপাশি মাদকের সয়লাবও বেড়েছে বলে তাদের দাবি। এসব দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, কয়েকদিন আগেও ওই এসআই একজন সাংবাদিককে হুমকি দিয়েছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বেলাল উদ্দিন হিরু ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এসআই সাইফুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ