
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে ওমরাহ পালনে চালু হওয়া এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসায় একাধিকবার প্রবেশের সুযোগ থাকলেও প্রতিবার দেশটিতে যাওয়ার আগে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি সফরের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাত্রার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট সফরের জন্য ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।
জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। ভিসার মেয়াদকালে একজন যাত্রী একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব সফর মিলিয়ে দেশটিতে অবস্থানের মোট সময় কোনোভাবেই ৯০ দিনের বেশি হতে পারবে না।
নতুন ব্যবস্থায় প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সার্ভিস প্যাকেজ নিতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। পাশাপাশি নুসুক অ্যাপে নেওয়া ওমরাহ পারমিটের তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
মন্ত্রণালয় বলছে, ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে মুসল্লিদের আরও বেশি সুযোগ ও সুবিধা দেওয়ার লক্ষ্যেই মাল্টিপল-এন্ট্রি ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এক বছরের ভিসা পাওয়া মানেই পরবর্তী প্রতিটি সফরে আগের বুকিং বা পারমিট ব্যবহার করা যাবে—এমন নয়।
প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নুসুকে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাত্রার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং দেশ ছাড়ার সময় প্রস্থানের তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত অবস্থানের মধ্যে কতদিন সৌদিতে অবস্থান করেছেন এবং কতদিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।
অর্থাৎ, ৩৬৫ দিনের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিটি নতুন সফরের আগে আবারও অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৌদি আরবের প্রবেশ ও ভ্রমণসংক্রান্ত অন্যান্য সব যোগ্যতা ও নিয়মও মেনে চলতে হবে।
ঝ
