
উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই অব্যাহত থাকতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি।
বন্যার শঙ্কা যেসব অঞ্চলে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ এবং রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
পানি কিছুটা কমতে শুরু করলেও তিস্তা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে, যা স্থানীয় জনজীবন ও ফসলি জমির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভার ভারী বর্ষণ হতে পারে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদীবন্দরগুলোকে পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

