
জেলা রেজিস্ট্রার অফিসগুলোতে জমির দলিল নিবন্ধন, নকল উত্তোলন কিংবা রেকর্ড সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হওয়া দীর্ঘদিনের পুরোনো চিত্র। সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ প্রদান না করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সম্প্রতি এক অনুসন্ধানে গোপন ক্যামেরায় এসব অনিয়ম ও দুর্নীতির বাস্তব চিত্র ধরা পড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার আঞ্জুমান আরা ভাত খাওয়ার সময়ও নিজের টেবিলে বসে সেবাপ্রার্থীদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ বা ঘুষ আদায় করছেন। ভাতের থালার পাশেই এমন দুর্নীতির ঘটনায় সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত ফি জমা দেওয়ার পরেও অতিরিক্ত টাকা না দিলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয়। এই ধরনের অনিয়ম বন্ধ করে সেবাপ্রার্থীদের হয়রানি রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

