
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ পঁচানব্বই হাজার টাকা।
৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বন্দর থানাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের ৩ নম্বর টিম বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা, কবি দোভাষ লেইনের মৃত আবু সৈয়দের বাড়িতে মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবির আভিযানিক টিম দ্রুত উক্ত বাড়িতে উপস্থিত হয়। পরবর্তীতে কৌশলগত কারণে ডিবির সদস্যরা ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করলে আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে তাদের তিন তলা বাড়ির নিচতলার একটি শয়নকক্ষের সামনে নিয়ে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত আবু শাকিল সাগর (৩৩) পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. পুস্পেন ব্যানার্জী (৫৮), পিতা- মৃত দুলাল ব্যানার্জী, সাং- ফিরিঙ্গি বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম।
২. শামসুল ইসলাম (৪৭), পিতা- মৃত ইকরামুল হক, সাং- কাটাছড়া, মিরসরাই, চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী এবং তাদের দেখানো মতে পলাতক আসামি আবু শাকিল সাগরের শয়নকক্ষ তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

