
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১২/০৮/২০২৬ ইং
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে মামলায় অভিযোগ রয়েছে। এই ঘটনায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন থানায় ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এর আগে ফটিকছড়ির একটি হত্যা ও অস্ত্র মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সাইদুল ইসলাম নসরুল
সংলাপ নিউজ চট্টগ্রাম

