
আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল ডে। যারা সম্পর্কে নেই কিংবা জীবনের কোনো পর্যায়ে একা হয়ে গেছেন, তাদের জন্য দিনটি নিজের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ। একা থাকা মানেই জীবন অসম্পূর্ণ-এমন ধারণার পরিবর্তে নিজের যত্ন, স্বপ্ন ও পছন্দকে গুরুত্ব দেওয়ার বার্তা দেয় এই দিন।
সিঙ্গেল ডে ঘিরে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রচলন রয়েছে। যুক্তরাষ্ট্রে দিনটি ২৩ সেপ্টেম্বর পালিত হলেও চীনে ১১ নভেম্বর ‘সিঙ্গেলস ডে’ উদযাপন করা হয়। ১১.১১ তারিখের চারটি এককে একক মানুষের প্রতীক হিসেবে ধরা হয়। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রচলন শুরু হয়।
সিঙ্গেল ডেতে নিজের পছন্দের খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, বই পড়া কিংবা প্রিয় গান শুনে সময় কাটাতে পারেন। কারণ একা থাকা আর একাকী থাকা এক নয়। কখনো কখনো নিজের সঙ্গই হতে পারে সবচেয়ে সুন্দর সঙ্গ।
