
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নিউইয়র্ক সফর হতে যাচ্ছে।
খসড়া সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই ভাষণে বৈশ্বিক শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ মূলনীতিগুলো প্রাধান্য পেতে পারে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও তাৎপর্যপূর্ণ। কারণ, ৮১তম এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সংক্ষিপ্ত এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি সফরসূচিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজনও রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক (সাইডলাইন) বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সরকারি খরচ সংকুচিত করার নীতি অনুসরণ করে প্রধানমন্ত্রীর বহরে সর্বোচ্চ ৩৫ জনের একটি সংক্ষিপ্ত প্রতিনিধি দল থাকছে। চার থেকে পাঁচ দিনের এই সংক্ষিপ্ত সফর শেষ করে আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।

