
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
তা:
১২/০৮/২০২৬ ইং
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর আহমেদসহ আহত পুলিশ সদস্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগের তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দিয়ে পুলিশ যখন ফিরে আসছিল, ঠিক তখন মামলার বাদী ফোন করে জানান যে প্রতিপক্ষরা একটি মাদ্রাসায় ভাঙচুর চালাচ্ছে।
এই সংবাদ পেয়ে পুলিশ দ্রুত পুনরায় ঘটনাস্থলে ফিরে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সাতজনকে আটক করে।
পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাইদুল ইসলাম নসরুল

