
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশীতে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখা এবং তাদের আস্তানা গড়ে তুলতে সহায়তাকারী মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ মহসিনের (৩৭) বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি বর্তমানে নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকার এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন। পরবর্তীতে সেই কোকেনের চালানটি ফেরত আসলে পুলিশ এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। কোকেন ব্যবসার তথ্য উদঘাটন করতে গিয়েই খুলশীর একটি আটতলা ভবনে ৬৩ জন বিদেশি নাগরিকের রহস্যজনক অবস্থানের বিষয়টি পুলিশের নজরে আসে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, “বিদেশি ওই ৬৩ নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগাযোগ ও সম্পৃক্ততা রয়েছে। তিনিই নগরের খুলশী এলাকায় ওই আটতলা ভবনটি তাদের জন্য ভাড়া করে দিয়েছিলেন। এছাড়া ওই বিদেশি নাগরিকদের পাসপোর্টও মহসিনের কাছে জমা রাখা হয়েছিল। তার পেছনে অন্য কোনো চক্র বা প্রভাবশালী কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ আরও জানায়, কোকেন আটকের ঘটনায় করা মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল রহস্য এবং মহসিনের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে লাওস, পাকিস্তান, চীন, নেপাল ও ভিয়েতনামের মোট ৬৩ জন নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
