
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোণার মদন পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের দা’র আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা এলাহী ও ছেলে ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ইয়াসিন ঘরে থাকা দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে এলাহীর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

