
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি বেসামরিক সরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন। শুক্রবার কুইলু প্রদেশের কিক্বিত শহর থেকে রাজধানী কিনশাসায় ফেরার পথে কেঙ্গে শহরের একটি আবাসিক এলাকার ফাঁকা জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়। ভূমিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিমানটির চালক, যাত্রী ও ক্রুদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এর পেছনে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কঙ্গোর সামরিক কর্তৃপক্ষ। এদিকে বিধ্বস্ত বিমানটির আগুনে পুড়তে থাকা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
