
যুক্তরাজ্য প্রতিনিধি:
১৮/০৮/২০২৬ ইং 
দীর্ঘমেয়াদী তীব্র খরা, তীব্র দাবদাহ ও নজিরবিহীন পানিসংকটের মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে মহান আল্লাহর রহমতের বৃষ্টির কামনায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসলিমরা। দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে সুন্নতি পদ্ধতিতে ‘সালাতুল ইস্তিসকা’ বা বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির ইসলামিক সংগঠন ও বিশিষ্ট আলেমদের আহ্বানে সাড়া দিয়ে মুসলিমরা এই কার্যক্রমে অংশ নেন। আয়োজকদের মতে, স্মরণকালের অন্যতম শুষ্ক গ্রীষ্মকাল পার করছে যুক্তরাজ্য। আবহাওয়ায় অনাবৃষ্টির কারণে দেশটির নদী, জলাধার ও কৃষিজমি চরম সংকটের মুখে পড়েছে। ফসলের ক্ষতি ও গবাদিপশুর খাদ্য সংকট নিয়ে উদ্বেগে রয়েছেন ব্রিটিশ কৃষকরাও।
বার্মিংহামের বিখ্যাত গ্রিন লেন মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার, ইস্ট লন্ডন মসজিদ, রেডব্রিজ ইসলামিক সেন্টার, ম্যানচেস্টারের ব্রিটিশ মুসলিম হেরিটেজ সেন্টারসহ লন্ডন, ব্রিস্টল এবং অন্যান্য শহরের অসংখ্য মসজিদে একযোগে এই কর্মসূচি পালিত হয়। নির্ধারিত সময়ে মুসল্লিরা জামাতে একত্রিত হয়ে দুই রাকাত সালাতুল ইস্তিসকা আদায় করেন এবং খরা থেকে মুক্তি ও উপকারী বৃষ্টির জন্য কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেন।
নামাজ শেষে আয়োজক ও ধর্মীয় নেতারা বলেন, ইসলামে পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত এবং আমানত। এই প্রাকৃতিক সংকটের সময় আধ্যাত্মিক প্রার্থনার পাশাপাশি পানি অপচয় রোধ করা, পরিবেশ রক্ষা করা এবং দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি। ব্রিটিশ সমাজের সকল মানুষের কল্যাণ ও কৃষকদের এই কঠিন সময় উত্তরণে স্রষ্টার রহমত কামনা করা হয় এই জমায়েতগুলোতে।

