
মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী। নিখোঁজের পাঁচ দিনেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন রুপা। এরপর আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওই রাতেই তার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় জিডি করেন।
রুপার স্বামী আশিক মাতুব্বর জানান, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বের হওয়ার পর থেকে তার স্ত্রী নিখোঁজ।
ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। 
