
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য ও ভুয়া সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম এবং ‘উপকারী’ মোবাইল অ্যাপ ও ডিজিটাল রূপান্তর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, ডেটাবেজ যাচাই-বাছাই করে প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টিসিবির কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল করার ফলে সরকারের বার্ষিক ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে এবং আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে এই ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল ব্যবস্থার কারণে এখন থেকে কার্ড হারিয়ে গেলেও ওটিপি (OTP) ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সুবিধাভোগীরা পণ্য পাবেন এবং ডিলার নিয়োগেও অনলাইন লটারি সিস্টেম চালু করা হবে।

