
নিজস্ব প্রতিবেদক:
১৩/০৮/২০২৬ ইং 
দেশজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাপক প্রসার এবং এর ব্যাটারি চার্জ দেওয়ার ক্রমবর্ধমান প্রবণতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিন দিন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলা এসব যানবাহনের কারণে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় বিপুল সংখ্যক অটোরিকশা একযোগে চার্জ দেওয়ার কারণে চাহিদার পারদ ঊর্ধ্বমুখী থাকছে, যার ফলে অনেক এলাকায় লোডশেডিংয়ের মতো পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও যাতায়াতের মাধ্যম হিসেবে অটোরিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অন্যদিকে এর অবৈধ চার্জিং এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে পুরো বিদ্যুৎ খাতের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং অটোরিকশার চার্জিং ব্যবস্থাপনাকে নিয়মের মধ্যে নিয়ে আসার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

