
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বড় একটা ধাক্কা লেগেছে কৃষি খাতে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপেও। বিশ্বে সার ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের দাম হুহু করে বাড়ছে। জ্বালানি ও সার আমদানির খরচ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে কৃষকের পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কৃষি যন্ত্রপাতি পরিচালনার খরচও সমানতালে বাড়ছে বলে জানান অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ডেইরি ফার্মার্সের সভাপতি মার্ক বিলিং। তিনি বলেন, ‘প্রথম সমস্যা হলো জ্বালানি পাওয়া, দ্বিতীয় সমস্যা এর দাম। দুই সংকটই এখন প্রায় দ্বিগুণ। কনটেইনার ও জাহাজে আমাদের পণ্য তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পণ্য পরিবহনের খরচ, বীমা খরচ—সবকিছুর কারণেই খরচ বাড়ছে। তাই, বিশ্ববাজারে আমাদের পণ্যকে প্রতিযোগিতামূলক একটা জায়গায় রাখা এখন চ্যালেঞ্জ।’ সমুদ্রপথে পণ্য পরিবহনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটাস মেরিটাইমের চিফ অপারেটিং অফিসার অলিভিয়া লেনক্স কিং এক সতর্কবার্তায় জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সারের সরবরাহ ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
