
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. হারুন ওরফে ‘ডাবা হারুন’কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এর আগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আরেক সহযোগী ‘টেস্টার মোবারক’কে জিজ্ঞাসাবাদের পর ডাবা হারুনের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও কাঞ্চননগরের আলোচিত সাদ্দাম হত্যা মামলার সঙ্গে হারুনের সম্পৃক্ততা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

