
নিজস্ব প্রতিবেদক 
ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। আদালতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী এবং রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। রায়ের পর নির্বাচন কমিশনের আইনজীবী নিশ্চিত করেন যে, রুল খারিজ হয়ে যাওয়ায় বিদ্যমান আইন অনুযায়ী ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরি বা সংগ্রহের আর কোনো সুযোগ থাকল না।
মামলার বিবরণ থেকে জানা যায়, ইসলামী শরীয়ত মেনে পর্দা করার কারণে কোনো ধরনের ছবি তোলেন না উল্লেখ করে ২০২২ সালে রাজধানীর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ছবি ছাড়া বিকল্প ব্যবস্থার জন্য ইসিতে আবেদন করেন। সেখানে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই বছরের ৬ মার্চ প্রাথমিক শুনানি নিয়ে ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে এনআইডি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত শুনানিতে সেই রুল খারিজ করে দিয়ে জাতীয় পরিচয়পত্রে ছবি থাকার বাধ্যবাধকতা বহাল রাখলেন উচ্চ আদালত।

