
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের এক ব্যবসায়ীর হারিয়ে যাওয়া আইপ্যাড ১০ দিন পর পাঁচলাইশ মডেল থানা ও চন্দনাইশ থানার যৌথ অভিযানে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
জানা যায়, প্রায় ১০ দিন আগে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় একটি মেট্রো সিএনজিতে অসাবধানতাবশত নিজের আইপ্যাড রেখে নেমে যান ব্যবসায়ী মো. ইলিয়াছ। পরে বিষয়টি পাঁচলাইশ মডেল থানায় জানানো হলে পাঁচলাইশ মডেল থানা ও চন্দনাইশ থানা যৌথভাবে অনুসন্ধান শুরু করে।
তদন্তের একপর্যায়ে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) রূপকের অক্লান্ত প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলার রৌশনহাটের পশ্চিম এলাহাবাদ এলাকা থেকে হারিয়ে যাওয়া আইপ্যাডটি উদ্ধার করা হয়। পরে সেটি প্রকৃত মালিক মো. ইলিয়াছের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. ইলিয়াছ। এ ছাড়া স্থানীয়ভাবে সহযোগিতা করায় চন্দনাইশের মো. মোজাম্মেল হক সুজনকেও ধন্যবাদ জানান তিনি।
মো. ইলিয়াছ বলেন, “হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
