দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

admin
By admin
2 Min Read

মো. লোকমান হাকিম, রুমা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রাইনখিয়াং এলাকার বিভিন্ন পাড়ার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রুমা জোনের উদ্যোগে এবং জোন কমান্ডারের নির্দেশনায় মেজর মো. নেওয়াজ মোর্শেদের নেতৃত্বে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
রাইনখিয়াং পাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় পুকুর পাড়া, প্রংজং পাড়া, সুরাহা পাড়া ও চার্জিং পাড়ার স্কুলের মোট ১১২ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ছাতা, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া ত্রিপুরা বলেন, “আমরা শিক্ষা উপকরণ পেয়ে অনেক খুশি। স্কুল ড্রেস, ছাতা, খাতা—সবকিছু পেয়েছি।”
এ সময় মেজর মো. নেওয়াজ মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় অভিভাবকরা জানান, দুর্গম এলাকার অনেক পরিবারের পক্ষে সন্তানদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং অভিভাবকদেরও অনেকটা স্বস্তি দেবে।
স্থানীয়রা আরও জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *