
১০০ টাকার মাংস-ভাতের মিজান গ্রেফতার
মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের একটি দল আগারগাঁও এলাকায় যায়। দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন। সেখানে মিজানুর রহমানের দোকানের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপরও চড়াও হন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
