দলের নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: পটিয়ায় এমপি এনামের কঠোর বার্তা

Md
By Md
3 Min Read

দলের নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: পটিয়ায় এমপি এনামের কঠোর বার্তা

ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম কিংবা এমপির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাস বা কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি এনাম বলেন, “তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হচ্ছে— দেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস চলবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না।” তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি বা অনিয়ম করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি জানান, শ্রীমাই খালের ওপর নির্মিতব্য হাইড্রোলিক এলিভেটর ড্যাম বাস্তবায়িত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার কৃষি ও জনজীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকরা সেচ সুবিধা পাবেন, বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং পর্যটন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি এনাম বলেন, “দলের কেউ সালিস-বিচারে জড়াতে পারবেন না। জনগণের সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।” পাশাপাশি এমপির পরিচয় ব্যবহার করে কেউ এলাকায় প্রভাব বিস্তার বা অনিয়ম করার চেষ্টা করলে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি জিয়াউল হক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

 

এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সভা শেষে এমপি এনাম প্রকল্পের ফলক উন্মোচন করেন এবং নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

জানা গেছে, ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক স্থাপন ও বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *