
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালক ও ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে চারজনের মৃত্যু হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

