
বনরুটির দাম পিসপ্রতি ৫ টাকা বাড়ায় চা-রুটির নাশতাতেও বাড়তি খরচ গুনতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রাজধানীর বিভিন্ন এলাকায় গত রোববার থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেকারির তৈরি বনরুটি, পাউরুটি ও কেক। আগে ১০ টাকার বনরুটি এখন ১৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন নাশতার খরচ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ময়দা, চিনি, ডালডা, সয়াবিন তেল ও গ্যাসসহ বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বেকারি পণ্যের দাম ও ওজন সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির তথ্য অনুযায়ী, বিভিন্ন বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
