
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র উদ্ধার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ২ আগস্ট চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হত্যা ও অস্ত্র উদ্ধারের পৃথক দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই মামলাগুলোর রিমান্ড প্রক্রিয়া শেষে ফটিকছড়ির অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট আইনি প্রক্রดিয়ায় তাকে ফের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র মামলার মূল রহস্য উদঘাটন এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে রিমান্ডে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

