
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে দেশীয় তৈরি চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২৬ রাত ১০টা ৫০ মিনিটে চান্দগাঁও থানার এসআই শাহনেওয়াজের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় দক্ষিণ মোহরা এলাকায়, ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন একটি ভবনের নিচতলায়।
অভিযানে রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)-কে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে মোট ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১০০০ লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পাতিল, পাইপ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পার্বত্য এলাকা থেকে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে ভাড়াকৃত বাসায় কারখানা স্থাপন করে অবৈধভাবে মদ উৎপাদন করছিল। উৎপাদিত মদ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হতো।
এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।
