অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

admin
By admin
1 Min Read

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ব্যবহার, বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা এবং লেবেলিংয়ে অনিয়মের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পাহাড়তলীর ‘অমিত ফুড প্রোডাক্টস’-এ এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উৎপাদনস্থলে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড় ও বিড়ালের বিচরণ দেখা যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ ছাড়া খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ না করার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে পাহাড়তলীর ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা, সিএমপির সদস্যরা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *