
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুর জেলায় হুট করে হামের প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। জেলায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৪ হাজার ছাড়িয়ে গেছে। রোগীর হঠাৎ এই চাপ সামলাতে গিয়ে জেলা ও সদর হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা রীতিমতো হিমশিম খাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে প্রতিদিন বিপুল সংখ্যক হামে আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে ভিড় করছেন। রোগীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ ‘হাম আইসোলেশন ওয়ার্ড’ খোলা হয়েছে। এরপরও ওয়ার্ডের ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগী আসায় অনেককে বারান্দায় বা মেঝেতে থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে এই রোগের বিস্তার কিছুটা বেশি। সময়মতো টিকা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি না করলে এর প্রকোপ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কতৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আক্রান্ত রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এদিকে, হঠাৎ করে রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচারণা এবং পর্যাপ্ত ওষুধ ও টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

