
নিজস্ব প্রতিবেদক:২০/০৮/২০২৬ ইং 
সাইদুল ইসলাম নসরুল
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। স্বামীর মৃত্যুর খবর শুনে এবং ভেজা চোখে শেষবারের মতো তাকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন কারাবন্দী সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তৌফিক নেওয়াজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর কারাবন্দী দীপু মনির পক্ষে তাঁর মেয়ে তানি দীপাবলি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
প্যারোলে মুক্ত হয়ে দীপু মনি প্রথমে ঢাকার কলাবাগানের বাসায় যান এবং সেখানে ভেজা চোখে শেষবারের মতো প্রিয় স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখেন ও শেষ বিদায় জানান। এরপর গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বনানী কবরস্থানে তাঁর পিতার কবরে তাঁকে দাফন করা হয়।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)সহ বিভিন্ন আইনজীবী ও সামাজিক সংগঠন।

