জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে পড়েছে, প্রায় দেড় লাখ মানুষ এখন নিরাপদ: ডিসি জাহিদ

admin
By admin
2 Min Read

চট্টগ্রাম অফিস :চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসী নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, প্রায় দেড় লাখ মানুষ এখন জিম্মিদশা থেকে মুক্ত।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) অভিযান-পরবর্তী সময়ে জঙ্গল সলিমপুরে স্থাপিত আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এলাকাটিকে “রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র” হিসেবে ব্যবহার করে পাহাড় কাটা, অবৈধ বসতি স্থাপন, পরিবেশ ধ্বংসসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি সেখানে অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার মতো কার্যক্রমও চলত।
তিনি বলেন, ২০২১–২২ সালে অভিযান পরিচালনা করা হলেও পুরোপুরি সফল হয়নি। তবে গত ১৯ জানুয়ারি র‍্যাবের ডিএডি মোতালেব সরকার নিহত হওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও গুরুতর হয় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করা হয়।
পরবর্তীতে ৯ মার্চ র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় চার হাজার সদস্যের যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের দাবি, ওই অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই সন্ত্রাসী কার্যক্রম ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।
অভিযানের পর এলাকায় একটি পুলিশ ও একটি র‍্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বিদ্যুৎ ও পানির সংকটসহ কিছু অবকাঠামোগত সমস্যার কথা তিনি উল্লেখ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও জানান, স্থানীয়দের জন্য শিক্ষা, চিকিৎসা ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সড়ক উন্নয়ন, ডিপ টিউবওয়েল স্থাপন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজও চলছে।
পরিদর্শনকালে র‍্যাব-৭ অধিনায়ক, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *