
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপির পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকার এক হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে অনেক পরিবারের বসতঘর, আসবাবপত্র, কৃষিজমি, গবাদিপশু এবং জীবিকার প্রধান উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন আলী বলেন, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের যেকোনো দুর্দিনে পাশে থাকবে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আজম ও জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, বিএনপি নেতা মন্নান, বাচ্চা, মোরশেদ আলম, রবিউল আলম বুলবুল, তাজুল ইসলাম, বখতিয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল, আহমেদ আরমান, গাজী রাসেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বন্যাকালে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ত্রাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
