
সীতাকুণ্ডে বিয়েবাড়ির গাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়েবাড়ির একটি যাত্রীবাহী গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ডাকাতদলের কবলে পড়ে গাড়িটি। ডাকাতরা রামদা, কিরিচ ও ছুরির মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন, মানিব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। পরে প্রায় ১৫–২০ মিনিটের মধ্যে অপর একটি গাড়ি এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, “যৌথভাবে তদন্ত চলছে। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা মহাসড়কে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
