
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজান উপজেলার একটি ব্যস্ত বাজারে সশস্ত্র হামলায় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাজার এলাকায় অবস্থানকালে একদল অস্ত্রধারী ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।
