শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে ‘নীলাচল’ পরিবহনের ৪ বাস আটক

admin
By admin
2 Min Read

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানীর ‘নীলাচল’ পরিবহনের চারটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। পরে সেগুলো নায়েমের গলিতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সায়েন্সল্যাব মোড়ে নীলাচল পরিবহনের একটি বাস থেকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার জের ধরেই পরদিন শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন। আটক বাসের এক চালক জানান, “আমাদের বাস রাস্তা থেকে আটকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নায়েমের গলিতে নিয়ে যেতে বলেন। কেন বাস আটক করা হয়েছে, আমরা কিছুই জানি না। শুধু শুনেছি, এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।” এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বাস আটকের বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি নিউমার্কেট থানাকে অবহিত করা হয়েছে। কোনো শিক্ষার্থী এতে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কলেজ প্রশাসন ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও তিনি জানান। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে যাতে কোনো উত্তেজনা না ছড়ায়, সেজন্য পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কলেজ প্রশাসন ও পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষার্থীদের মূল দাবি ছিল—বাসে ওঠা-নামার সময় কোনো যাত্রীকে যেন হয়রানি বা ফেলে দেওয়া না হয় এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *