আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) মঙ্গলবার (৭ এপ্রিল) ফ্রান্স দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
তার সঙ্গে ছিলেন দূতাবাসের কালচারাল অ্যাটাশে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের কান্ট্রি হেড সাইয়েদা নাসিবা হোসাইন।
সফরকালে রাষ্ট্রদূত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া প্রতিনিধিদলটি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, একাডেমিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন। এ উপলক্ষে এআইইউবি অডিটোরিয়ামে ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ শীর্ষক একটি তথ্যবহুল সেশন আয়োজন করা হয়, যা পরিচালনা করেন সাইয়েদা নাসিবা হোসাইন।
সেশনে ফ্রান্সের উচ্চশিক্ষার সুযোগ, আন্তর্জাতিক স্বীকৃতি, টিউশন ফি, বৃত্তি, জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে তার বক্তব্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে ফ্রান্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই সফরকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
