দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্য পর্যায়ে নামিয়ে আনতে হবে: ডেপুটি স্পিকার

admin
By admin
2 Min Read

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি সম্পূর্ণভাবে নির্মূল করে শূন্য সহনশীলতার পর্যায়ে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও শ্রেণিপেশার মানুষের বসবাস রয়েছে। ধাপে ধাপে সবাইকে সংসদ ভবন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে পারে। তিনি আরও বলেন, এর আগে খ্রিস্টান প্রতিনিধিদল সংসদ পরিদর্শনে এসেছিল। ভবিষ্যতেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংসদ সম্পর্কে জানার সুযোগ দেওয়া হবে। নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাদের কারণেই আজ তিনি ডেপুটি স্পিকারের দায়িত্বে রয়েছেন। তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে। উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কাজ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। ডেপুটি স্পিকার বলেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি সম্পূর্ণভাবে দূর করতে হবে এবং স্থানীয় পর্যায়ে দরবার ও মীমাংসার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, তিনি সবসময় সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সততার পথেই থাকতে চান। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন, যাতে আল্লাহ তাকে দায়িত্ব পালনে সহায়তা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *