দুই দশক পর বগুড়ার গাবতলীতে পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
By admin
2 Min Read

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২০ এপ্রিল তার এই সফরকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পাশাপাশি প্রশাসনও সফর নির্বিঘ্ন করতে নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও ওই দিন বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নিতে পারেন। পরে তিনি গাবতলীর বাগবাড়ি গ্রামে তার পৈতৃক ভিটাও পরিদর্শন করবেন।

এছাড়া সফরসূচিতে আরও রয়েছে— তার পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন। একই সঙ্গে পৈতৃক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল খনন কাজের উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।

সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ি এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেছে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রিয় নেতার আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

স্থানীয়রা আরও জানান, খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকারের নজর বাড়বে বলে তারা আশা করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *