সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান: বাণিজ্যমন্ত্রী

admin
By admin
2 Min Read

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভারসাম্য বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, টিসিবির মাধ্যমে বেশি পরিমাণে পণ্য আমদানি করে বাজারে কার্যকর ভারসাম্য তৈরি করা হবে এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সুযোগ আর রাখা হবে না। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনা ও সিন্ডিকেটের প্রভাব কমাতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হচ্ছে, যাতে আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে তদারকি করা যায় এবং কোনো কারসাজি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। একই সঙ্গে ভর্তুকি কমিয়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। কৃষিখাতের উন্নয়নে সেচব্যবস্থা সম্প্রসারণ ও খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং বাজার আরও স্থিতিশীল হবে। তিনি আরও জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বাঁশিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘কৃষকের হাট’ কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে। এখানে কৃষকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টে এ হাট বসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বর্তমানে মাঠ থেকে ভোক্তার কাছে পৌঁছাতে কৃষিপণ্য কয়েক ধাপ হাতবদল হওয়ায় দাম বেড়ে যায়, অথচ কৃষক ন্যায্য মূল্য পান না। ‘কৃষকের হাট’ চালু হলে এই মধ্যবর্তী স্তর কমে এসে কৃষক ও ভোকতা—উভয়েরই উপকার হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সারা দেশে সপ্তাহে অন্তত একদিন যেন কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারেন, সে জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *