এক কার্ডেই ১০ সুবিধা: কী থাকছে প্রবাসী কার্ডে?

admin
By admin
2 Min Read

আগামী মাসে পরীক্ষামূলক উদ্বোধন: প্রবাসী কার্ডে মিলবে ১০ বিশেষ সুবিধা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুমুখী সুবিধা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী মাসে এ কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সভায় জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা।

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে দেশে ও বিদেশে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিশেষ ইমিগ্রেশন সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে Meet & Greet সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা, মরদেহ দেশে পরিবহনে সহায়তা, পুনর্বাসন ও বীমা সুবিধা, বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্সভিত্তিক আর্থিক সুবিধা এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় দ্রুত সেবা।

বৈঠকে আরও জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ