
- চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রাম নগরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (১ এপ্রিল) সকালে নগরীর জেএমসেন চত্বরে শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন ১৪৩২ উপলক্ষে মঙ্গলশোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে নিজের সন্তানের মতো যত্ন নিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের ফলে গত বছর বর্ষায় প্রায় ৬০ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন। এবার লক্ষ্য ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সমস্যা সমাধান করা। এজন্য নগরবাসীর সচেতনতা অত্যন্ত জরুরি—নালা বা খালে ময়লা-আবর্জনা ফেলা যাবে না।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি থাকে। তাই সিটি করপোরেশনের পাশাপাশি প্রতিটি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং পানি জমে না থাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মেয়র বলেন, তার দায়িত্বকাল থেকে তিনি একটি বিষয় স্পষ্ট করে আসছেন—চট্টগ্রাম হবে সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের নিরাপদ শহর। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়িসহ সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে বসবাস করবে এবং কোনো বৈষম্যের শিকার হবে না। চট্টগ্রামকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলাই লক্ষ্য, যেখানে সবাই নিরাপদে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করতে পারবে।
আবুল হাশেম বক্কর বলেন, সনাতন সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অতীতের মতোই ভবিষ্যতেও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক ও পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দে পার্থ।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

