
২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বইটির ২২ নম্বর গদ্য হিসেবে যুক্ত হতে যাওয়া এই নিবন্ধের লেখক পরিচিতি অংশে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, জেড ফোর্সের অধিনায়ক এবং বীর উত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধটিতে মূলত ১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রামের প্রতিরোধ যুদ্ধ ও কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের ঐতিহাসিক স্মৃতিচারণ রয়েছে। ১৯৮০ সালে অধুনালুপ্ত ‘দৈনিক দেশ’ পত্রিকায় প্রকাশিত এই লেখার পাশাপাশি নিবন্ধটির সাথে জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করা হবে।

